আফগানিস্তানে পবিত্র রমজান মাস শেষ করে ঈদুল ফিতর উদযাপন শুরু হয়েছে। দেশটিতে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ পালন করা হচ্ছে।
সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগানিস্তানের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবারকে ঈদের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে।
তিনি বলেন, ফারাহ, হেলমান্দ ও ঘোরসহ বিভিন্ন প্রদেশে একাধিক ব্যক্তি চাঁদ দেখার সাক্ষ্য দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ হিসেবে সরকার বন্দীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার ৪ হাজার ৫৯৬ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।
এছাড়া আরও ৪ হাজার ৪০৭ জন বন্দীর সাজা কমানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর ঈদ উপলক্ষে আফগানিস্তানে এ ধরনের সাধারণ ক্ষমা দেওয়ার প্রচলন রয়েছে।
অন্যদিকে নাইজার ও মালিতেও আজ ঈদ উদযাপন করা হচ্ছে। তারা আগের দিন শাওয়াল মাসের চাঁদ দেখার কথা জানিয়েছে।
উল্লেখ্য, চাঁদ দেখার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশে ঈদের তারিখ ভিন্ন হতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি
Jahan








