ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

আদালতের নির্দেশে ফিরছে ভয়েস অব আমেরিকা; অবৈধ ঘোষিত ট্রাম্পের সিদ্ধান্ত

ওয়াহেদ রাজু

প্রকাশিত: ১৮:১২, ১৯ মার্চ ২০২৬

আদালতের নির্দেশে ফিরছে ভয়েস অব আমেরিকা; অবৈধ ঘোষিত ট্রাম্পের সিদ্ধান্ত

আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ) বন্ধে ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম অবিলম্বে চালু এবং ছাঁটাই হওয়া সহস্রাধিক সংবাদকর্মীকে দ্রুত পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন জেলা আদালতের বিচারক রয়েস ল্যামবার্থ তাঁর রায়ে জানান, সাংবাদিকদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত ছিল ‘খামখেয়ালি ও অযৌক্তিক’। আগামী এক সপ্তাহের মধ্যে ভিওএর সম্প্রচার পুনরায় শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছেন আদালত।

রায়ের মূল পর্যবেক্ষণ
ক্ষমতার অপব্যবহার: আদালত জানান, মার্কিন গ্লোবাল মিডিয়া এজেন্সির (ইউএসএজিএম) প্রধান কারি লেকের সিনেটের অনুমোদন ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনগত বৈধতা ছিল না।

আইন লঙ্ঘন: কোন অঞ্চলে বা কোন ভাষায় সম্প্রচার চলবে, সে সংক্রান্ত বিদ্যমান আইনও প্রশাসন উপেক্ষা করেছে বলে রায়ে উল্লেখ করা হয়।

অযৌক্তিক ছাঁটাই: কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা ছাড়াই ভিওএর প্রায় ৮৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়েছিল, যা আইনত টিকবে না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত ভিওএ-কে ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে বন্ধ করে দিয়েছিলেন। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, প্রতিষ্ঠানটি ‘বামঘেঁষা পক্ষপাতদুষ্ট’। ভিওএর পাশাপাশি রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও ফ্রি এশিয়ার কার্যক্রমও সংকুচিত করা হয়েছিল। এতে শুধু ভিওএতেই এক হাজারের বেশি সাংবাদিক ও কর্মী চাকরি হারান। গত এক বছর ধরে এসব কর্মীর অধিকাংশই বেতনসহ ছুটিতে ছিলেন।

 

রাজু

×