ছবি: দৈনিক জনকণ্ঠ।
ঈদের আনন্দ শুধু সামর্থ্যবানদের নয়, সমাজের প্রতিটি মানুষের। কেউ যেন উৎসবের দিনে কষ্টে না থাকে—সেই মানবিক দায়িত্ব থেকেই এই সহায়তা।
লক্ষ্মীপুরের রায়পুরে বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০০ অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল শুধু সহায়তার একটি নাম নয়, এটি রাষ্ট্রের মানবিক মুখ। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই সরকারের বড় সাফল্য। তিনি বলেন, যে সমাজে ধনী-গরিব সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সেই সমাজই প্রকৃত অর্থে সম্প্রীতির সমাজ। এই সহায়তা শুধু অর্থ নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রতিশ্রুতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাওসার। তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দিতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সহায়তা পাওয়া উপকারভোগীরা জানান, ঈদের আগে এই অর্থ তাদের জন্য অনেক বড় স্বস্তি। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক সহায়তা অসচ্ছল মানুষের জন্য সত্যিই আশীর্বাদস্বরূপ।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এম.কে








