পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া এই সহায়তার মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে গঙ্গাচড়া অফিসার্স কল্যাণ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।
অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে, যাতে ঈদের আনন্দ সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায়। কোনো মানুষ যেন অভাবের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়—এটাই সরকারের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় প্রাপ্ত ১০ লাখ টাকা গঙ্গাচড়া উপজেলা ও রংপুর মহানগরের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ৫০০জন মানুষের মধ্যে ২০০০ টাকা হারে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, নায়েবে আমির মো. তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
রাজু








