ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

হবিগঞ্জ শহরে অস্ত্রের মহড়ায় ৭ জন আটক 

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ১৮:১৪, ১৯ মার্চ ২০২৬

হবিগঞ্জ শহরে অস্ত্রের মহড়ায় ৭ জন আটক 

গত দুই সপ্তাহে চারদিনে হবিগঞ্জ শহরে পাঁচবার প্রাণঘাতী অস্ত্রের মহড়া দিয়ে ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করেছে একদল কিশোর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এলাকা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এমন ঘটনার পর সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ সাতজনকে আটক করেছে। সর্বশেষ ছড়িয়ে পড়া ভিডিওটি বাস্তব নাকি সম্পাদিত, তা যাচাইয়ে বিশেষজ্ঞদের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ বুধবার (১৮ মার্চ) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পরপরই শহরে উৎকণ্ঠা দেখা দেয়।
এর আগে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি রাজনগর, মহিলা কলেজ ও টাউন হল সড়ক এলাকায় কয়েক দফা ধারালো অস্ত্র হাতে মহড়া দিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। একই ঘটনা ঘটে গত ১৩ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে মহড়ার পর সন্ধ্যায় সেখানে বসে থাকা এক তরুণ ও এক তরুণীকে টেনে হিঁচড়ে ভিডিও ধারণ করা হয়। 

ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, লম্বা ধারালো রামদা ও চাপাতিসহ বিভিন্ন অস্ত্র হাতে কিশোররা দৌড়াদৌড়ি করছে। কয়েকজন সেই দৃশ্য ভিডিও করছে। কোনো কোনো ভিডিওতে ১০ থেকে ১৫ জন, আবার কোথাও ২০ জনের বেশি কিশোরকে দেখা গেছে।

এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জের সভাপতি সিনিয়র আইনজীবী ত্রিলাক কান্তি চৌধুরী বলেন, অস্ত্রের এ ধরনের মহড়া জনমনে ভয় ছড়াচ্ছে। এটি সন্ত্রাসবিরোধী আইনের লঙ্ঘন। এ বিষয়ে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, প্রথম দিকের ভিডিওগুলোর ভিত্তিতে কয়েকদিনে সাতজনকে আটক করা হয়েছে। সর্বশেষ ভিডিওটিও দেখা হয়েছে। সেটি বাস্তব নাকি কৃত্রিমভাবে তৈরি, তা যাচাইয়ে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে।

 

রাজু

×