ছবি: দৈনিক জনকণ্ঠ।
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্তা নারীসহ আহত হয়েছেন ৫ জন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে গর্ভবতী নারীর নবাগত বাচ্চার মৃত্যুও হয়। এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি কোনো আসামি।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামের আলী জমাদ্দারের সাথে একই এলাকার হাবি জমাদ্দারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে গত মঙ্গলবার রাত ১১টার দিকে হাবি লোকজন নিয়ে আলীর পরিবারের ওপর হামলা চালায়। বাধা দেয়ায় মালয়েশিয়া প্রবাসী মেরাজুল জমাদ্দারের তিনমাসের অন্তঃসত্তা স্ত্রী মীম আক্তারসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। ভাঙচুর ও লুটপাট করা হয় বসতঘর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরদিন মৃত্যু হয় নবাগত শিশুর। এই ঘটনায় বুধবার রাতে হাবি জমাদ্দারসহ ১১ জনের নামে থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। তবে, এখনো কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ভুক্তভোগী মীম আক্তার বলেন, ‘আমার নবাগত সন্তানকে যারা মেরে ফেলেছে তাদের বিচার চাই। কঠিন বিচার চাই।’ রোকানা বেগম বলেন, ‘আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। কুপিয়ে জখমও করা হয়েছে। পূর্বপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়। আমরা এর উপযুক্ত বিচার চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ মুঠোফোনে জানান, ‘অন্তঃসত্তা নারী ও তার পরিবারের ওপর হামলার ঘটনাটি খুবই দুঃখজনক। পুলিশের পক্ষ থেকে আসামি ধরার ব্যাপারে কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বাদীপক্ষের সাথে কথা বলে তদন্তপূর্বক আসামিদের নামে আদালতে চার্জশিট জমা দেয়া হবে।
এম.কে








