ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

পুলিশ হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১৪:১৪, ১৯ মার্চ ২০২৬

পুলিশ হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশ সদস্য হত্যার অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ বৃহস্পতিবার ভোরে এই দণ্ডাদেশ কার্যকর করে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং বিচার বিভাগের ওয়েবসাইট ‘মিজান অনলাইন’-এর বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, দণ্ডপ্রাপ্তরা চলতি বছরের শুরুতে দেশজুড়ে অস্থিরতার সময় দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এই দণ্ড কার্যকর করা হয় ইরানের কথিত ‘মার্কিন-ইসরায়েলি সামরিক হামলার’ ২০তম দিনে।

বিগত ডিসেম্বর থেকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে প্রাণহানির সংখ্যা নিয়ে ইরান সরকারের এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে বড় ধরনের ভিন্নতা দেখা যাচ্ছে। তেহরান জানিয়েছে, বিক্ষোভজনিত সহিংসতায় এ পর্যন্ত ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। তবে জাতিসংঘসহ বৈশ্বিক সংস্থাগুলো অভিযোগ করছে, গত ৮ ও ৯ জানুয়ারি সংঘটিত হত্যাকাণ্ডের অধিকাংশের পেছনে রাষ্ট্রীয় বাহিনীর প্রত্যক্ষ ভূমিকা ছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (HRANA) জানিয়েছে, অন্তত ৬ হাজার ৮৭২ জন নিহত হয়েছেন, এবং আরও ১১ হাজার মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের আশঙ্কা, কঠোর ইন্টারনেট সেন্সরশিপের কারণে প্রকৃত তথ্য আড়ালে রয়ে গেছে; বাস্তবে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

এ.এইচ

×