ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প

প্রকাশিত: ১৩:০৮, ১৯ মার্চ ২০২৬

ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই ঘটনার পর উত্তেজনা তৈরি হলেও গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনায় আর হামলা চালানো হবে না।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে ইসরায়েল ক্ষোভের বশে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র-এ হামলা চালায়। তবে তার দাবি, পুরো স্থাপনার তুলনায় ক্ষয়ক্ষতি খুবই সীমিত।

ট্রাম্প আরও বলেন, এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানত না। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, কাতার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল না এবং হামলার পরিকল্পনা সম্পর্কেও দেশটির কোনো ধারণা ছিল না।

ইরানের পাল্টা প্রতিক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, সাউথ পার্সে হামলার প্রকৃত অবস্থা না বুঝেই তেহরান কাতারের এলএনজি স্থাপনার একটি অংশে আঘাত হেনেছে, যা তার মতে অযৌক্তিক। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, এই গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রকে লক্ষ্য করে আর কোনো হামলা চালানো হবে না।

এ.এইচ

×