ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

দেশের জন্য ঈদ উৎসর্গ ফুটবলারদের

জাহিদুল আলম জয়

প্রকাশিত: ২৩:১৬, ১৮ মার্চ ২০২৬

দেশের জন্য ঈদ উৎসর্গ ফুটবলারদের

বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনে বাংলাদেশের ফুটবলাররা

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এবারের ঈদ সন্নিকটে, দুয়ারে কড়া নাড়ছে। পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে শহর ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। এই সময়ে পরিবারের বাইরেই থাকতে হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের। কেননা এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের দেশ। এর আগে ২৬ মার্চ প্রীতি ম্যাচ খেলবে ভিয়েতনামের বিরুদ্ধে। ম্যাচ দুটি সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। আর  সেরা প্রস্তুতির লক্ষ্যে ঈদের ছুটি কাটাচ্ছেন না ফুটবলাররা। ক্যাম্পেই ঈদ করবেন জামাল ভূঁইয়া-শেখ মোরসালিনরা। 
এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে বাংলাদেশ। নিজেরা সিঙ্গাপুরকে হারালে এবং ভারতের কাছে যদি হংকং পরাজিত হয়, তাহলে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হওয়ার সম্ভাবনা থাকবে লাল-সবুজদের। ম্যাচটি সিঙ্গাপুরের মাঠে বলেই আশাবাদী বাংলাদেশ। সেই আশার মূলেই রয়েছে প্রতিযোগিতায় অ্যাওয়েতে দলের ফলাফল। প্রথমে ভারত ও পরে হংকংয়ের মাঠে গিয়ে ড্র করেছে বাংলাদেশ। এ দুটি ম্যাচের ফলাফলকে সিঙ্গাপুরে ম্যাচে প্রেরণা হিসেবে নিচ্ছেন ফরোয়ার্ড শেখ মোরসালিন।

তিনি বলেন, এটি অবশ্যই আমাদের আরেকটু অনুপ্রেরণা জোগাবে যে আমরা অ্যাওয়ে ম্যাচগুলোতে ড্র করেছি। আগে যেহেতু ড্র হয়েছে, এখন আরও একটু ভালো করার চেষ্টা করব আমরা। যেভাবে হোক, আমাদের ম্যাচ দুটি উইন করে বের হওয়ার চেষ্টা থাকবে। ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা আছে কোচ জ্যাভিয়ের ক্যাবরেরার দলের। ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন সুপারস্টার হামজা চৌধুরী।
চার মাস পর আবারও একসঙ্গে এক ছাদের নিচে। ক্লাবের ব্যস্ততা শেষে জামাল ভূঁইয়া-জায়ান আহমেদরা এবার জাতীয় দলের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায়। জাতীয় দলের ক্যাম্পে মোরসালিন-তারিক কাজীদের বেশ স্বপ্রতিভা দেখা গেছে। প্রায় ১২০ দিন পর দেখা হওয়ায় সবার মধ্যেই একে অপরকে জানার কৌতূহলটি বেশি ছিল। ফুটবলারদের বরণ করার সঙ্গে সবার খোঁজখবর নেন বাংলাদেশ কোচ কাবরেরা। ক্যাম্পে যোগ দেয়ার পর অনুশীলনও শুরু হয়েছে। বুধবার রাতে বসুন্ধরা কিংস অ্যারেনায় সবশেষ গা গরম করেছেন বাংলাদেশের ফুটবলাররা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০৮ নম্বরে থাকা ভিয়েতনামের চ্যালেঞ্জ নেওয়া অধিনায়ক জামাল ভূঁইয়া দিয়েছেন লড়াইয়ের প্রতিশ্রুতি। আর প্রাথমিক দল নির্বাচন নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন কোচ কাবরেরাও। লিগে আনিসুর রহমান জিকো বেশি ম্যাচ খেললেও তাঁর পরিবর্তে মেহেদি হাসান শ্রাবণকে নেওয়ার যুক্তিও তুলে ধরেছেন এ স্প্যানিয়ার্ড।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের জয় একটি। গত বছরের নভেম্বরে ঢাকায় ভারতকে হারিয়েছিলেন হামজা চৌধুরী-সামিত সোমরা। ২০২৫ সালের ১০ জুন ঢাকায় প্রথম লেগে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তাই এই ম্যাচটি গুরুত্বপূর্ণহীন হলেও র‌্যাঙ্কিংয়ের একটা হিসাব থাকবে। একই হিসাব থাকবে ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও। র‌্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের (১৪৮) চেয়ে এগিয়ে ভিয়েতনাম (১০৮)।

এ কারণে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আমি মনে করি সিঙ্গাপুরের চেয়ে ভিয়েতনাম কঠিন প্রতিপক্ষ। এটা আমার ব্যক্তিগত মতামত। যদি বলতে হয়, সিঙ্গাপুরের ম্যাচের জন্য এটা খুবই ভালো একটা প্রস্তুতি। আমরা ভিয়েতনামের বিপক্ষে ভালো খেলতে পারি, তাহলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি সহজ হবে। আমাদের মূল লক্ষ্যই হলো সিঙ্গাপুরের বিপক্ষে তিন পয়েন্ট নেওয়া। সত্যি বলতে কি, সবাই চায় আমরা যেন দুটো ম্যাচেই জিতে। বিশ্বাস আছে, আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি।’

প্যানেল হু

×