ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

হতাশ নেইমার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:২৫, ১৭ মার্চ ২০২৬

হতাশ নেইমার

নেইমার জুনিয়র

আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে ২৩তম আসরের উদ্বোধনী ম্যাচ। তার আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে কোচ কার্লো আনচেলত্তি। তবে এই তালিকায় রাখা হয়নি দেশটির ইতিহাসে জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে।
দল ঘোষণার পর সাও পাওলোতে একটি ম্যাচ চলাকালীন মাইক্রোফোন হাতে নিজের অবস্থান পরিষ্কার করেন নেইমার। তিনি বলেন, ‘আমি আজ কথা বলব, কারণ আমি আর চুপ থাকতে পারছি না। এটা স্বাভাবিক যে, দলে সুযোগ না হওয়ায় আমি হতাশ ও ব্যথিত।’ তবে বাদ পড়লেও ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন যে এখনো ফিকে হয়ে যায়নি, সেটিও স্পষ্ট করে দিয়েছেন নেইমার। তিনি বলেন, ‘লক্ষ্য এখনো অটুট আছে। প্রতিদিনের অনুশীলন আর প্রতিটি ম্যাচ ধরে এগোচ্ছি। আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবই। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা এখনো বাকি।’
মাঠে নামার জন্য নেইমার ব্যাকুল হলেও কোচ আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র নামের ভারে কাউকে দলে নেবেন না তিনি। সান্তোসের হয়ে গত দুই ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্ট করলেও কোচের চোখে নেইমার এখনো পুরোপুরি ফিট নন। ইতালিয়ান এই কোচ বলেন, ‘আমি কেন তাকে ডাকিনি? কারণ সে এখনো ১০০ শতাংশ ফিট নয়। আমার এমন খেলোয়াড় প্রয়োজন যারা শারীরিক ও মানসিকভাবে পূর্ণ সক্ষম।’
তবে ৩৪ বছর বয়সী এই তারকার বিশ্বকাপ দলে ফেরার দরজা এখনো বন্ধ হয়নি বলেও ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।

প্যানেল হু

×