ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

ফাইনালে অস্ট্র্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:২০, ১৭ মার্চ ২০২৬

ফাইনালে অস্ট্র্রেলিয়া

গোলের পর অস্ট্রেলিয়ার মেয়েদের উদ্যাপন

চলমান এশিয়ান কাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া নারী ফুটবল দল। মঙ্গলবার পার্থে স্বাগতিকরা সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন নারী ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে এই শিরোপা লড়াইয়ের টিকিট কেটেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে অজিদের হয়ে জয়সূচক গোলটি করেন তারকা ফরোয়ার্ড স্যাম কার। প্রথমার্ধ ১-১ গোলে সমতায় থাকার পর ৫৮তম মিনিটে স্যাম কারের গোলে জয় নিশ্চিত হয়।
অনুষ্ঠিত ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলতে থাকে অস্ট্রেলিয়া। ১৭তম মিনিটে ক্যাটলিন ফোর্ড গোল করে দলকে এগিয়ে দেন। এই গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেরি ফাউলার। তবে অস্ট্রেলিয়ার এই লিড বেশিক্ষণ টেকেনি। কিছুক্ষণ পরই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় চীন। ঝাং লিনিয়ান গোলটি করেন। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে দুই দলই জয়ের জন্য লড়াই চালায়। ম্যাচের ৫৮তম মিনিটে ফোর্ডের পাস থেকে দারুণ দক্ষতায় গোল করেন তারকা ফরোয়ার্ড স্যাম কার। সংকীর্ণ কোণ থেকেও তার নেওয়া শটটি ছিল অসাধারণ। এরপর ম্যাচের বাকি সময়ে অস্ট্রেলিয়া দারুণভাবে রক্ষণ সামলায় এবং নয়বারের চ্যাম্পিয়ন চীনকে পাত্তাই দেয়নি। কোচ জো মন্টেমুরো তার দলের পারফরম্যান্সে সন্তুষ্ট।
এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া শুরু থেকেই দুর্দান্ত খেলছে। ‘এ’-গ্রুপ থেকে ৩ ম্যাচে দুটি জয় ও একটি ড্র করে ৭ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে ওঠে। প্রথম ম্যাচে ফিলিপাইনকে ১-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ইরানকে ৪-০ গোলে উড়িয়ে দেয় অজিরা। এই পর্বে শুধু মাত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ ব্যবধানে ড্র করে দলটি।

প্যানেল হু

×