ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ইতিহাসের পাতায় গুলের-ডোম্যান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:০০, ১৬ মার্চ ২০২৬

ইতিহাসের পাতায় গুলের-ডোম্যান

আর্সেনালের জার্সিতে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে শুরুর একাদশে নেমেই রেকর্ড গড়েছিলেন ম্যাক্স ডোম্যান। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়ছেন তিনি। শনিবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এভারটনকে ২-০ গোলে হারানোর ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। গোল করেছেন মাত্র ১৬ বছর ৭৩ দিন বয়সে। এতদিন পর্যন্ত প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড ছিল এভারটনের জেমস ভনের। ২০০৫ সালে তিনি ওই কীর্তি গড়েন ১৬ বছর ২৭০ দিন বয়সে। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে শিরোপার আরও কাছে গেল গানার্সরা।
অন্যদিকে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের ২১ বছর বয়সী তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের নিজের গোলপোস্টের কাছাকাছি থেকে শট নিয়ে বল জালে জড়িয়ে রিয়ালের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই গোলের মাধ্যমে তিনি লা লিগার ইতিহাসে দূরতম দূরত্ব (৬৮ মিটার) থেকে গোল করার দীর্ঘ ২২ বছরের পুরনো এক রেকর্ড স্পর্শ করেছেন। ২০০৪ সালে আন্তোনিও জোসে নুমানসিয়ার হয়ে সেভিয়ার বিপক্ষে সমান দূরত্ব থেকে গোল করেছিলেন। এ ছাড়া ১৯৯৫ সালের পর রিয়ালের কোনো ফুটবলার এই প্রথম নিজেদের অর্ধ থেকে লা লিগায় গোল করলেন। সর্বশেষ অগাস্তিন লাসা ৫৮ মিটার থেকে গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন, যা পেরিয়ে গেলেন গুলের। রিয়ালের বড় জয়ে গুলের ছাড়াও একটি করে গোল করেছেন আন্তোনিও রুডিগার, ফেদেরিকো ভালভের্দে ও ডিন হুইসেন। ৮৫ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে ব্যবধান কমায় এলচে।
প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হলো ম্যানচেস্টার সিটির। এই ম্যাচে বার্নার্দো সিলভার গোলে মাত্র চার মিনিট লিড ধরে রেখেছিল ম্যানসিটি। কিন্তু আর্সেনালের সাবেক খেলোয়াড় কোন্সতান্তিনোস মাভারোপানোস ওয়েস্ট হ্যামের হয়ে সমতাসূচক গোলে সিটিকে ধাক্কা দেন। এখন শীর্ষ দুই দলের মধ্যে ব্যবধান ৯ পয়েন্টের। অবশ্য আর্সেনাল এক ম্যাচ বেশি খেলেছে। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট তাদের। লিগ মৌসুমের ৮ ম্যাচ হাতে রেখে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি।
এদিকে এভারটনের বিপক্ষে অসংখ্য আক্রমণ ও গোলের জন্য শট নিয়েও সফরকারীদের দেওয়াল ভাঙতে পারছিল না মিকেল আর্তেতার দল। ক্রমেই হতাশা ছড়িয়ে পড়ছিল আর্সেনালের গ্যালারিতে। শেষ মুহূর্তে নিজেদের অর্ধে বল পেয়ে দারুণ গতিতে ছুটে গিয়ে ফাঁকা জালে বল পাঠান ডোম্যান। এরপর আর্সেনালও সদলবলে তার কাছে ছুটে গিয়ে উৎসবে মাতে। প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকায় এরপর যথাক্রমে অবস্থান করছেন-জেমস মিলনার (১৬ বছর ৩৫৬ দিন, ২০০২ লিডস ইউনাইটেড), ওয়েইন রুনি (১৬ বছর ৩৬০ দিন, ২০০২ এভারটন), রিও এনগুমোহা (১৬ বছর ৩৬১ দিন, ২০২৫ লিভারপুল), সেস ফ্যাব্রেগাস (১৭ বছর ১১৩ দিন, ২০০৪ আর্সেনাল) ও মিচেল ওয়েন (১৭ বছর ১৪৩ দিন, ১৯৯৭ লিভারপুল।
এই রেকর্ড গড়ার পর ডোম্যানকে প্রংশসা করতে ভোলেননি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তিনি বলেন, ‘এটি অভূতপূর্ব মুহূর্ত। ম্যাচের আগে আমরা কথা বলেছি, জয়ের জন্য ক্লান্তিহীন আকাক্সক্ষা ছিল এবং সেই পথ খুঁজছিলাম। খেলোয়াড়দের নিবেদন, যোগ্যতা এবং প্রতিশ্রুতি অসাধারণ। কিন্তু এটি (ম্যাচ) যেভাবে শেষ হলো এমন কিছু আমরা আশা করিনি। এমিরেটসে আমাদের একসঙ্গে কাটানো সময়ের মাঝে এটি সেরা মুহূর্ত। আমার মনে হয় সে (ডোম্যান) স্টেডিয়ামে ভিন্ন আবহ এনে দিয়েছে। সে কেবল গোলই করেনি, পুরো খেলা পাল্টে দিয়েছে। যখনই বল পেয়েছে, তার কাজটা এমন ছিল যা প্রতিপক্ষের কাছে আমরা আরও হুমকি হয়ে উঠি।’

প্যানেল / জোবায়ের

×