ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিধ্বংসী যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট। রবিবার (১৫ মার্চ) এবিসি নিউজের একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, এই সংঘাত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সমাপ্ত হতে পারে, এমনকি পরিস্থিতি অনুকূলে থাকলে তার আগেও শান্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ক্রিস রাইট মনে করেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয়ে দ্রুত সমাপ্ত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের যে সংকট তৈরি হয়েছে, তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে। বর্তমানে যুদ্ধের উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দামের যে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে সেখানে নিম্নমুখী প্রবণতা শুরু হবে। তাঁর মতে, সংঘাত পরবর্তী সময়ে জ্বালানি সরবরাহের হার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা কমে আসবে।
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোটের মধ্যকার এই রক্তক্ষয়ী সংঘাতের কারণে বর্তমানে বিশ্ব জ্বালানি খাতে চরম অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার ফলে তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় রয়েছে বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে মার্কিন জ্বালানি সচিবের এই আশাবাদী মন্তব্য আন্তর্জাতিক অর্থনীতিতে কিছুটা স্বস্তি জোগাতে পারে বলে মনে করা হচ্ছে।
এফএ








