ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ফাঁস!

প্রকাশিত: ০১:১৪, ১৬ মার্চ ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ফাঁস!

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাড়াশি আক্রমণের মুখে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি পথ ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দেওয়ার চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আন্তর্জাতিক নৌ নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব দিয়েছেন। তাঁর পরিকল্পনায় চীন, জাপান ও যুক্তরাজ্যের মতো দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠিয়ে এই জলপথ নিরাপদ রাখার কথা বলা হয়েছে। তবে সামরিক ও ভৌগোলিক বাস্তবতায় এই পরিকল্পনা কার্যকর করা কতটা সম্ভব, তা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয় এই সরু প্রণালি দিয়ে। যুদ্ধ শুরুর পর থেকে এই পথে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় তেলের দাম ইতোমধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইঙ্গিত দিয়েছেন যে, যুদ্ধ চললে এই জলপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকি দেশটির অন্য এক শীর্ষ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন, আক্রমণ অব্যাহত থাকলে তেলের দাম ২০০ ডলারও ছাড়িয়ে যেতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সামরিক সক্ষমতা অনেকাংশে ধ্বংস করা হয়েছে। তবুও তেহরান ড্রোন, সমুদ্রমাইন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই জলপথে গেরিলা কায়দায় হামলা চালাতে পারে। সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালির সবচেয়ে সরু অংশটি মাত্র ২১ নটিক্যাল মাইল প্রশস্ত, যা বিদেশি যুদ্ধজাহাজের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে যোগাযোগ ও সামরিক কৌশলের সমন্বয়হীনতা এই জোট গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে।

ট্রাম্পের আহ্বানে এখন পর্যন্ত কোনো দেশ সরাসরি যুদ্ধজাহাজ পাঠাতে রাজি হয়নি। ফ্রান্স পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা কোনো যুদ্ধ অভিযানে অংশ নেবে না। জাপান ও যুক্তরাজ্য বিষয়টি নিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে। অন্যদিকে, সামরিক সংঘাত এড়াতে ভারত, তুরস্ক, ফ্রান্স ও ইতালির মতো দেশগুলো সরাসরি তেহরানের সাথে আলোচনা করে তাদের জাহাজ চলাচলের অনুমতি নেওয়ার চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে ভারতের দুটি এলপিজি ট্যাঙ্কার ও তুরস্কের একটি জাহাজ ইরানের বিশেষ অনুমতিতে এই পথ অতিক্রম করেছে।

এফএ

×