একযোগে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একদিন পর রবিবার পরমাণু ক্ষমতাসম্পন্ন নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চলমান বসন্তকালীন সামরিক মহড়ার মাঝে রবিবার এই পরীক্ষা চালানো হয়েছে। খবর কেসিএনের।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্রের ওই পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। এ সময় তিনি ১২টি ৬০০ মিলিমিটার ক্যালিবারের অতি-নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা পর্যবেক্ষণ করেন। কিম জং উন বলেছেন, এই পরীক্ষা ৪২০ কিলোমিটার (প্রায় ২৬০ মাইল) দূরত্বের মধ্যে থাকা পিয়ংইয়ংয়ের শত্রুদের মাঝে এক ধরনের অস্বস্তি ও কৌশলগত পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি করেছে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর ছোড়া সব রকেট পূর্ব সাগরে ৩৬০ কিলোমিটারেরও বেশি দূরের একটি দ্বীপের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এসব রকেট লঞ্চারকে অত্যন্ত প্রাণঘাতী অস্ত্র হিসেবে অভিহিত করেছেন কিম জং উন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বড় বড় যানবাহন থেকে কয়েকটি রকেট আকাশে নিক্ষেপ করা হচ্ছে। অন্য একটি ছবিতে কিম এবং তার মেয়ে জু আয়েকে সামরিক কর্মকর্তাদের সঙ্গে দূর থেকে এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে দেখা যায়। সম্প্রতি উত্তর কোরিয়ার সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে জু আয়েকে নিয়ে ঘন ঘন হাজির হতে দেখা যাচ্ছে কিম জং উনকে। জু আয়ে উত্তর কোরিয়ার পরবর্তী শাসক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছে, শনিবার উত্তর থেকে পূর্ব সাগরের দিকে একাধিক উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। সিউলের ব্লু হাউস এই উৎক্ষেপণকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনকারী উসকানি আখ্যা দিয়ে নিন্দা এবং পিয়ংইয়ংকে অবিলম্বে এ ধরনের কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছে।
প্যানেল / জোবায়ের








