ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

নকল শাহেদ ড্রোন দিয়ে হামলা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

প্রকাশিত: ০০:০৫, ১৬ মার্চ ২০২৬

নকল শাহেদ ড্রোন দিয়ে হামলা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি লুকাস ড্রোন ব্যবহার করে এই অঞ্চলে হামলা চালাচ্ছে এবং এর দায় ইরানের ওপর চাপিয়ে দিচ্ছে। ইরানি গণমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর অভিযোগ করেছে- সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, কুয়েত এবং ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোর বিভিন্ন কেন্দ্রে চালানো বর্বরোচিত হামলা এবং এসব হামলার দায় ইরানি সশস্ত্র বাহিনীর ওপর চাপানো এর প্রকৃষ্ট উদাহরণ। খবর ইরনার।
বিবৃতিতে আরও বলা হয়েছে- এই কৌশলের মূল লক্ষ্য হলো ইরানি সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক, আইনি এবং বৈধ পদক্ষেপগুলোকে খাটো করা এবং তেহরানের সঙ্গে তার প্রতিবেশীদের বিবাদ ও বিভেদ সৃষ্টি করা। খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর আরও জানায়, ইরান শুধু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তু ও স্বার্থের ওপরই হামলা চালায়। এছাড়া ইরান যেখানেই হামলা চালাবে, সে বিষয়ে সরকারিভাবে ঘোষণা দিয়ে দায় স্বীকার করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। শিল্পনগরী ইস্ফাহানে যৌথ বিমান হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া যায়। একই সময়ে তেহরানে আরেক হামলায় ইরানের খাতাম আল-আনবিয়া জরুরি কমান্ডের গোয়েন্দা শাখার দুই জ্যেষ্ঠ কর্মকর্তা, আবদুল্লাহ জালালি-নাসাব ও আমির শরিয়াত নিহত হয়েছেন বলে দাবি করেছে নেতানিয়াহু বাহিনী।

প্যানেল / জোবায়ের

×