ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

পশ্চিমবঙ্গ নিয়ে মোদির বিস্ফোরক মন্তব্য!

প্রকাশিত: ০০:৪০, ১৬ মার্চ ২০২৬

পশ্চিমবঙ্গ নিয়ে মোদির বিস্ফোরক মন্তব্য!

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মহাসমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিকেলে আয়োজিত এই বিশাল জনসভায় তিনি দাবি করেন, তৃণমূল সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে এবং এবারের নির্বাচনেই এই জঙ্গলরাজ্যের অবসান হবে। মানুষের পেটে ভাত, অন্ন-বস্ত্রের গ্যারান্টি এবং চোরের রাজত্বমুক্ত সুশাসন ফেরাতে বাংলার মানুষ বিজেপিকেই বেছে নেবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী মোদি তাঁর বক্তব্যে তৃণমূলের বিরুদ্ধে সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতি এবং কেন্দ্রীয় প্রকল্পে কাটমানি নেওয়ার সরাসরি অভিযোগ তোলেন। তিনি বলেন, তৃণমূল সরকার বিনা খরচে চিকিৎসার প্রকল্প আয়ুষ্মান ভারতসহ একাধিক কেন্দ্রীয় কর্মসূচিতে ব্রেক লাগিয়ে দিয়েছে। এই দুর্নীতিবাজ সরকারের প্রতিটি অপরাধের তদন্ত ও বিচার হবে এবং অপরাধীদের কোনো ক্ষমা করা হবে না বলে তিনি জনতাকে আশ্বস্ত করেন। চোরের রাজত্ব হঠিয়ে গরিব মানুষের জন্য পাকা ঘর এবং উন্নয়ন নিশ্চিত করতে তিনি বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিজেপির ৯ প্রান্ত থেকে শুরু হওয়া ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। তবে ব্রিগেড অভিমুখে মিছিল আসার সময় কলকাতার গিরিশ পার্ক এলাকায় তৃণমূল সমর্থকদের সাথে বিজেপি কর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ইঁটপাটকেল নিক্ষেপের ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী এই ঘটনার প্রেক্ষাপটে তৃণমূলের রাজনৈতিক সহিংসতার রাজনীতির কঠোর সমালোচনা করেন এবং আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করার প্রতিশোধ বাংলার মানুষ ব্যালটে নেবে বলে মন্তব্য করেন।

নির্বাচনী প্রচারণার পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য ১৮ হাজার ৮৬০ কোটি রুপির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। তিনি মনে করেন, কেন্দ্রীয় সরকারের এই উন্নয়নমূলক কাজগুলো তৃণমূলের বাধার কারণেই তৃণমূল পর্যায়ে পৌঁছাতে পারছে না। তাই বাংলায় সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করতে তৃণমূল সরকারের বিদায় এখন সময়ের দাবি।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২১১টি আসনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরলেও বিজেপি ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বিজেপি ১২টি আসন লাভ করে নিজেদের শক্তি বজায় রেখেছে। মোদি মনে করেন, এবারের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ গতবারের চেয়েও বড় চমক দেখাবে এবং তৃণমূলের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে বিজেপিকে ক্ষমতায় বসাবে।

এফএ

×