ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

কুয়েতি সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর দাবি

মোজতবা খামেনি ইরানে নয় রাশিয়ায় আছেন!

প্রকাশিত: ০১:৩১, ১৬ মার্চ ২০২৬

মোজতবা খামেনি ইরানে নয় রাশিয়ায় আছেন!

ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাশিয়ার মস্কোতে পাড়ি দিয়েছেন বলে দাবি করেছে কুয়েতি সংবাদমাধ্যম 'আল জারিদা'। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েলি বিমান হামলায় বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা দায়িত্ব নিলেও, তিনি নিজেও ওই হামলায় মারাত্মকভাবে জখম হয়েছিলেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মোজতবা খামেনির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ উদ্যোগে তাঁকে রাশিয়ায় নেওয়া হয়। অত্যন্ত গোপনীয়তার সাথে একটি রুশ সামরিক বিমানে করে তাঁকে মস্কো পাঠানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য ডেইলি মেইল' আল জারিদার বরাতে জানিয়েছে, মোজতবাকে বর্তমানে পুতিনের একটি প্রেসিডেন্সিয়াল প্রাসাদে রাখা হয়েছে এবং সেখানেই তাঁর পায়ে একটি ‘সফল’ অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

যুক্তরাষ্ট্রের 'অপারেশন এপিক ফিউরি' শুরু হওয়ার সময়ই মোজতবা আহত হন বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য সান' ইরানের একটি সূত্রের বরাতে দাবি করেছে, নতুন এই সর্বোচ্চ নেতার একটি বা দুটি পা কেটে ফেলতে হতে পারে। এছাড়া তাঁর যকৃত ও পাকস্থলীও গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি বর্তমানে কোমায় থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অব্যাহত হামলার মুখে সেখানে সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, মোজতবা খামেনির চিকিৎসার সার্বিক দায়িত্বে রয়েছেন ইরানের অন্যতম শীর্ষ ট্রমা সার্জন মোহাম্মদ রেজা জাফারগান্দি। তবে তেহরান বা মস্কোর পক্ষ থেকে মোজতবার মস্কো যাত্রা বা তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। যুদ্ধকালীন এই পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতৃত্বের এমন শারীরিক অবস্থা দেশটির প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এফএ

×