ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

নিজেকে জীবিত প্রমাণ করতে নেতা নেতানিয়াহুর নতুন পদক্ষেপ!

প্রকাশিত: ০০:৫৯, ১৬ মার্চ ২০২৬

নিজেকে জীবিত প্রমাণ করতে নেতা নেতানিয়াহুর নতুন পদক্ষেপ!

ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু এবং তাঁর শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিচিত্র সব গুঞ্জনের অবসান ঘটাতে তিনি নিজেই ভিডিও বার্তায় হাজির হয়েছেন। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একটি অংশ দাবি করেছিলেন যে, নেতানিয়াহু আসলে মারা গেছেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ভিডিওতে তাঁর হাতে পাঁচটি আঙুলের পরিবর্তে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। এই ‘ডিজিটাল কারসাজি’র তত্ত্ব যখন বিশ্বজুড়ে তুমুল বিতর্কের জন্ম দেয়, তখনই নতুন এক ভিডিওর মাধ্যমে সেই রহস্যের জবাব দিলেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আগের ভিডিওটিতে নেতানিয়াহুর হাতের আঙুল নিয়ে যে অসংগতি দেখা গিয়েছিল, তাকে প্রযুক্তির ভাষায় ‘এআই গ্লিচ’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার যান্ত্রিক ত্রুটি হিসেবে চিহ্নিত করেছিলেন অনেকে। তাঁদের দাবি ছিল, মৃত নেতানিয়াহুকে জীবিত দেখাতে গিয়ে এআই প্রযুক্তির ভুল ব্যবহারের ফলে তাঁর হাতে বাড়তি একটি আঙুল যুক্ত হয়ে গেছে। এই এক ইস্যুতেই তাঁর মৃত্যু সংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়ে।


রহস্য আরও ঘনীভূত হওয়ার আগেই নতুন এক ভিডিওতে সাবলীল ভঙ্গিতে হাজির হন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। তিনি সরাসরি ক্যামেরার সামনে নিজের দুই হাত উঁচিয়ে ধরেন এবং স্পষ্ট করে দেখান যে তাঁর হাতে স্বাভাবিক নিয়মেই পাঁচটি আঙুল রয়েছে। কোনো প্রকার এআই কারসাজি যে এখানে নেই, তা প্রমাণ করতেই তিনি এই কৌশল বেছে নেন। ভিডিওর এক পর্যায়ে তাঁকে অত্যন্ত স্বাভাবিকভাবে কফি নিতেও দেখা যায়, যা মূলত তাঁর সুস্থতা এবং স্বাভাবিক কর্মক্ষমতার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।


বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই উত্তাল সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে এ ধরনের গুজব এক প্রকার ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ অংশ। ইরান ও হিজবুল্লাহর সাথে উত্তেজনার মাঝে নেতানিয়াহুর মৃত্যু বা অসুস্থতার খবর ইসরায়েলি নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরির উদ্দেশ্যেই ছড়ানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন এই ভিডিওর মাধ্যমে সেই জল্পনার আপাতত অবসান ঘটল।

এফএ

×