ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি প্রস্থান নির্দেশিকা জারি করেছে ওয়াশিংটন। রবিবার (১৫ মার্চ) রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিশেষ বার্তায় সেদেশে থাকা আমেরিকানদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে। মূলত অঞ্চলের দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন দূতাবাসের প্রেরিত জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় জানানো হয়েছে যে, মার্কিন সরকার বর্তমানে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে প্রধান কাজ। তাই সম্ভাব্য ঝুঁকি এড়াতে আগেভাগেই নাগরিকদের দেশটি ছেড়ে চলে যেতে বলা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরব থেকে নাগরিকদের এই গণ-প্রস্থান নির্দেশিকা ইঙ্গিত দিচ্ছে যে, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে ইরানের পক্ষ থেকে ইসরায়েলি ভূখণ্ড ও সম্ভাব্য মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার হুমকির পর সৌদি আরবে থাকা মার্কিন স্থাপনা ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন।
দূতাবাস তার বার্তায় নাগরিকদের ফ্লাইট সংক্রান্ত তথ্য এবং প্রস্থান প্রক্রিয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। যারা এই মুহূর্তে টিকিট সংগ্রহ করতে পারছেন না, তাদের দ্রুত দূতাবাস বা কনস্যুলেটের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই যেন সব মার্কিন নাগরিক নিরাপদ গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে মার্কিন প্রশাসন।
এফএ








