ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

এমপিও শিক্ষকদের বদলি নিয়ে সুখবর

প্রকাশিত: ২১:৪৯, ১৫ মার্চ ২০২৬

এমপিও শিক্ষকদের বদলি নিয়ে সুখবর

দেশের বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বদলি সফটওয়্যারের চূড়ান্ত অনুমোদনের সম্ভাবনা দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আগামীকাল সোমবার (১৬ মার্চ) সফটওয়্যারের ডেমো প্রদর্শনী অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্র জানায়, বেলা ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেমো অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। সভায় উপস্থিত থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং টেলিটক যৌথভাবে সফটওয়্যারটি তৈরি করেছে। ইতিমধ্যে ট্রায়াল চালানো হয়েছে এবং তার ফলাফল সন্তোষজনক হওয়ায় আশা করা হচ্ছে, ডেমো প্রদর্শনের পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকরা বদলির সুযোগ পাননি। এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রথম থেকে তৃতীয় ধাপ পর্যন্ত আবেদন করা শিক্ষকেরা বদলির সুযোগ পেয়েছিলেন। তবে চতুর্থ ধাপ থেকে মন্ত্রণালয় আবেদন গ্রহণ বন্ধ করে দেয়। শিক্ষকদের আন্দোলনের পর মন্ত্রণালয় বদলির উদ্যোগ গ্রহণ করে এবং নীতিমালাও প্রণয়ন করা হয়।

শিক্ষক ও সংশ্লিষ্টদের আশা, সফটওয়্যারের চূড়ান্ত অনুমোদনের সঙ্গে বদলি কার্যক্রমও শীঘ্রই শুরু হবে।

Mily

×