ছবি: সংগৃহীত
ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতে এক বড় ধরনের মোড় নিতে যাচ্ছে ওয়াশিংটনের সামরিক কৌশল। এবার সরাসরি স্থল অভিযানে অংশ নিতে আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি চৌকস দল ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সদস্যরা এখন যাত্রাপথে রয়েছেন। এই প্রথম এই যুদ্ধে কোনো মার্কিন স্থলবাহিনী মোতায়েন করা হচ্ছে, যা সংঘাতকে আরও ভয়াবহ রূপ দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই অভিযানে মার্কিন মেরিন সেনাদের সঙ্গী হিসেবে রয়েছে অত্যাধুনিক উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’। এই জাহাজটির বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি জলভাগ থেকে সরাসরি স্থলভাগে সেনা ও সামরিক সরঞ্জাম নামাতে সক্ষম। বিশ্লেষকদের মতে, ইরানের কৌশলগত কোনো অঞ্চল দখল করা কিংবা যেকোনো জরুরি সংকট মোকাবিলায় এই মেরিন সেনাদের সম্মুখ সমরে নামানো হতে পারে। এটি কেবল আকাশপথের আক্রমণ নয়, বরং সরাসরি ভূমিতে মার্কিন আধিপত্য বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এতদিন আকাশ ও নৌপথে লড়াই চললেও মেরিন সেনা মোতায়েন প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে তাদের সামরিক শক্তি ক্রমান্বয়ে বাড়িয়েই চলেছে। পেন্টাগনের এই পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে যে, তারা খুব দ্রুত এই সংঘাত শেষ করার পথে নেই। বরং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিয়ে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির পরিকল্পনা নিয়েই এই প্রথম স্থলসেনাদের রণক্ষেত্রে পাঠানো হচ্ছে।
এফএ








