ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ধামরাইয়ে পুকুর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ধামরাই, ঢাকা

প্রকাশিত: ১৪:৩৯, ১৪ মার্চ ২০২৬

ধামরাইয়ে পুকুর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত।

ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ হায়াত আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার চৌহাট ইউনিয়নের দ্বিমুখা এলাকার একটি পুকুর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। এর আগে শুক্রবার মাগরিবের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি, কিন্তু আর বাড়িতে ফিরে আসেননি।

নিহত হাজী মোহাম্মদ হায়াত আলী চৌহাট ইউনিয়নের দ্বিমুখা গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের কয়েকবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার মাগরিবের নামাজ শেষে বাড়ির পথে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।
জানা গেছে, হাজী মোহাম্মদ হায়াত আলী একটি চোখে কম দেখতেন। ধারণা করা হচ্ছে, নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরটিকে রাস্তা মনে করে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। ঘটনার সময় আশপাশে কেউ না থাকায় তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।

কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নুর আলম জানান, দ্বিমুখা গ্রামের সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ হায়াত আলীর মরদেহ পুকুর থেকে স্থানীয়রা উদ্ধার করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম.কে

×