ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

প্রকাশিত: ১৭:৫৬, ১৩ মার্চ ২০২৬

ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

স্বস্তির বার্তা নিয়ে দেশে প্রবেশ করতে যাচ্ছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে এই বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বৃষ্টিবলয়টি মূলত উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বেশি প্রভাব ফেলবে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে দীর্ঘ সময় ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাতে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ দিয়ে এটি দেশে প্রবেশ করে ধীরে ধীরে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী ১৮ মার্চের মধ্যে উপকূলীয় এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে পারে।

বিডব্লিউওটি জানায়, বৃষ্টিবলয়ের প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগজুড়ে প্রবল সক্রিয়তা দেখা যেতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগের উত্তর-পূর্বাংশ, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল এবং রংপুর বিভাগের উত্তর ও উত্তর-পূর্ব অংশেও কয়েক দফায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা ও রংপুর বিভাগের অন্যান্য এলাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের উত্তরাংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে বরিশাল এবং খুলনা ও চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে।

এই সময় দেশের বিভিন্ন স্থানে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর সঙ্গে মাঝারি থেকে তীব্র বজ্রপাত এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল থাকতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

অতিরিক্ত বৃষ্টির কারণে সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় সীমিত পরিসরে পাহাড় ধসের ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে। তবে এই বৃষ্টিবলয়ের কারণে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, চৈত্র মাসে আসা এই বৃষ্টিপাত কৃষির জন্য উপকারী হতে পারে। এতে দেশের প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ এলাকায় সেচের প্রয়োজনীয়তা কমে আসতে পারে। আকাশ অধিকাংশ সময় মেঘলা থাকায় উত্তর ও মধ্যাঞ্চলে তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক থাকবে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির বিরতির সময় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

বিডব্লিউওটি জানিয়েছে, ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত এই বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে এবং ১৬ মার্চের দিকে এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Mily

×