ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

ফেনীতে ১ লাখ ১৫ হাজার টাকার জালনোটসহ যুবক গ্রেপ্তার

জসিম ফরায়েজী ফেনী 

প্রকাশিত: ১৯:০২, ১৩ মার্চ ২০২৬

ফেনীতে ১ লাখ ১৫ হাজার টাকার জালনোটসহ যুবক গ্রেপ্তার

​ফেনী সদর উপজেলার কাজীরবাগ এলাকায় ১ লাখ ১৫ হাজার টাকার জালনোটসহ ফারুক ভুঞা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জালনোট তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকা জব্দ করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কাজীরবাগ এলাকায় কেনাকাটা করার সময় ফারুক ভুঞার দেওয়া টাকার নোট দেখে ব্যবসায়ীদের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় জনতা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

​পুলিশি জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি কম্পিউটার দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে জালনোট তৈরির মেশিন এবং ১ লাখ ১৫ হাজার টাকার জালনোট উদ্ধার করে পুলিশ।

​এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম জানান, ​খবর পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করি। তার কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকার জালনোট ও নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই চক্রের সাথে আর কারা জড়িত এবং এর উৎস কোথায়, তা আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি।

​গ্রেপ্তারকৃত ফারুক ভুঞার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ আরও জানায়, এলাকায় জালনোটের বিস্তার রোধে তাদের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

রাজু

×