ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বকশীগঞ্জে আব্দুল গনি হেল্থ কমপ্লেক্সে রক্ত ক্রসম্যাচিং নিয়ে বিতর্ক, তদন্তের দাবি

সৈয়দ এনামুর রকিব, জামালপুর

প্রকাশিত: ১৯:০৫, ১৩ মার্চ ২০২৬; আপডেট: ১৯:০৫, ১৩ মার্চ ২০২৬

বকশীগঞ্জে আব্দুল গনি হেল্থ কমপ্লেক্সে রক্ত ক্রসম্যাচিং নিয়ে বিতর্ক, তদন্তের দাবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আব্দুল গনি হেল্থ কমপ্লেক্সকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে, হাসপাতালটির একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী তার নির্ধারিত দায়িত্বের বাইরে গিয়ে রক্ত ক্রসম্যাচিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ করেছেন।

সাধারণত রক্ত ক্রসম্যাচিং একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রম, যা অনুমোদিত ও প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্টের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা। এ ধরনের কাজে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা রোগীর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন।

জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তি বিপ্লব হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) ইনচার্জ বা ওটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যদি মেডিকেল টেকনোলজিস্ট না হন এবং রক্ত পরীক্ষার মতো কাজে প্রয়োজনীয় সনদ বা প্রশিক্ষণ না থাকে, তবে কীভাবে তিনি দায়িত্বের বাইরে গিয়ে এমন গুরুত্বপূর্ণ কাজ করলেন—এ বিষয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদঘাটন করা জরুরি।

এ বিষয়ে জামালপুর জেলা প্রশাসন, বকশীগঞ্জ উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে—ঘটনাটি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য। জনস্বার্থে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযোগের সঠিক তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

রাজু

×