ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ঈদে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু

প্রকাশিত: ১৩:৫৯, ১৩ মার্চ ২০২৬

ঈদে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরার জন্য যাত্রীদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (১৩ মার্চ) থেকে এই টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে যাত্রীরা আগামী ২৩ মার্চের ট্রেনের আসনের টিকিট সংগ্রহ করতে পারছেন। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাচ্ছে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ২৪ মার্চের টিকিট বিক্রি হবে ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ।

এ ছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

যাত্রীদের সুবিধার জন্য নন-এসি কোচে মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের টিকিট রাখা হয়েছে। এসব টিকিট যাত্রার দিন ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

রেলওয়ের নিয়ম অনুযায়ী, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন নেওয়া যাবে। পাশাপাশি এই টিকিট ফেরত দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি।

এ.এইচ

×