দেশের বাজারে টানা দুই দফায় কমানো হয়েছে স্বর্ণের দাম। শুক্রবার (১৩ মার্চ) সকালে নতুন বিজ্ঞপ্তি দিয়ে প্রতি ভরিতে আরও ২ হাজার ১৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে Bangladesh Jewellers Association। এর আগে গত ১২ মার্চও ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল। ফলে দুই দফা মিলিয়ে স্বর্ণের দাম ভরিতে কমেছে ৫ হাজার টাকার বেশি।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
এর আগে ১২ মার্চ সকালে স্বর্ণের দাম কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৬ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
স্বর্ণের দাম কমলেও আপাতত অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বেচাকেনা হচ্ছে।
রুপার ক্ষেত্রেও চলতি বছরে এখন পর্যন্ত ২৬ বার মূল্য সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১০ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।
এ.এইচ








