ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি হচ্ছে, যার কারণে ভ্যাপসা গরম কিছুটা কমেছে। তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনও ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতের মধ্যে দেশের ৯ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি এবং দমকা/ঝড়ো হাওয়ার সম্ভাবনা আছে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে।
শনিবার (১৪ মার্চ) ও রবিবার (১৫ মার্চ) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সোমবার (১৬ মার্চ) ও মঙ্গলবার (১৭ মার্চ)ও কিছু এলাকায় স্বস্তির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় রংপুরে সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বান্দরবানে বৃহস্পতিবার সর্বোচ্চ ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।
নুসরাত








