ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ঈদের দিনে দেশজুড়ে বড় কালবৈশাখীর শঙ্কা!

প্রকাশিত: ১৬:২০, ১৯ মার্চ ২০২৬

ঈদের দিনে দেশজুড়ে বড় কালবৈশাখীর শঙ্কা!

ঈদের আনন্দঘন সময়েই দেশে বিরূপ আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য ঈদের দিন শনিবার সারাদেশে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, ঈদের দিন সকালে ও সন্ধ্যায় দুই দফায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, এবং রাজধানী ঢাকাও এই ঝুঁকির বাইরে নয়।

তার বিশ্লেষণ অনুযায়ী, ঈদের আগের দিন মধ্যরাতের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝড়টি বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগে প্রবেশ করতে পারে। এরপর ধাপে ধাপে এটি ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দিকে অগ্রসর হবে।

তিনি আরও জানান, সাধারণত রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে রংপুর ও রাজশাহী অঞ্চলে, সকাল ৬টা থেকে ১০টার মধ্যে ময়মনসিংহ ও ঢাকায়, এবং সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে সিলেট, বরিশাল ও চট্টগ্রামে ঝড় আঘাত হানে। সেই হিসেবে ঈদের দিন সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ঢাকায় কালবৈশাখীর প্রভাব পড়তে পারে।

তবে তিনি সতর্ক করে বলেন, নির্দিষ্ট সময় এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এছাড়া ঈদের আগের দিন এবং পরের দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এতে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমলেও পরে আবার বাড়তে পারে।

Jahan

×