ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ক্রিকেটের মতো জাতীয় সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার

প্রকাশিত: ১২:২৭, ১৩ মার্চ ২০২৬

ক্রিকেটের মতো জাতীয় সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট মাঠে যেমন আম্পায়ার নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করেন, তেমনি জাতীয় সংসদ পরিচালনার ক্ষেত্রেও তিনি একই ধরনের নিরপেক্ষতা বজায় রাখবেন। শুক্রবার (১৩ মার্চ) সকালে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দেশ একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছে। সেই সংসদের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই এখন সবার লক্ষ্য হওয়া উচিত। এ কাজে সরকার ও বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সংসদে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে স্পিকার বলেন, ওয়াকআউট সংসদীয় রাজনীতিতে একটি পরিচিত প্রথা। তবে এ ধরনের পরিস্থিতিতেও সংসদের শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রেওয়াজের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ভবিষ্যতে সরকারি দল ও বিরোধী দল উভয়ই সংসদের মর্যাদা রক্ষায় আরও দায়িত্বশীল আচরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি ইস্যুতে মন্তব্য করতে অনীহা প্রকাশ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। তবে তিনি আশা করেন, জাতীয় সংসদের ভেতরে সবাই শৃঙ্খলা বজায় রাখবেন। স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে তারা দায়িত্ব পালনের সময় সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শেরেবাংলানগরে গিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

এ.এইচ

×