জাতীয় সংসদে নিরপেক্ষ ‘আম্পায়ারিং’ করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে শুক্রবার (১৩ মার্চ) সকালে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্পিকার বলেন, ‘অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হবো। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখবো।’
সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি। তবুও তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদের স্লোগান দেয়া ঠিক না, এটা সংসদের রেওয়াজের বাইরে।’ সরকারি দল এবং বিরোধী দল বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন মেজর হাফিজ।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতির ব্যপারে কোনো মন্তব্য করতে চাই না। তারা তাদের রাজনৈতিক দিক থেকে গতকাল কার্যক্রম চালিয়েছে। আশা করি জাতীয় সংসদে তারা শৃঙ্খলা বজায় রাখবেন।’
স্পিকার বলেন, ‘সংসদে আমরা (স্পিকারে এবং ডেপুটি স্পিকার) নিরপেক্ষ থাকবো। ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার থাকে আমরাও সেরকম নিরপেক্ষ আম্পায়ারিং করব।’
সজিব








