ছবি: জনকণ্ঠ
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকায় পুকুর থেকে উদ্ধার হওয়া একটি প্রাচীন বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের দিকে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে মূর্তিটি হস্তান্তর করা হয়। এ সময় হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আতিকুর রহমান মূর্তিটি রাজশাহীর পুঠিয়া রাজবাড়ীর সহকারী কাস্টোডিয়ান মোঃ হাফিজুর রহমান-এর নিকট বুঝিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বগুড়ার ফিল্ড অফিসার মোঃ হাবিবুর রহমান, নাটোর রাজবাড়ীর সহকারী কাস্টোডিয়ান মোঃ ইমরান হোসেন, হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছহির উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, জামায়াত নেতা মোঃ শামসুল আলম আলো মাস্টার, এসআই সনজিত কর্মকার, সাবেক সেনা সদস্য মোঃ রফিকুল ইসলাম বকুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি হান্ডিয়াল এলাকায় একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার হওয়ার পর তা নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে রাখা হয়। পরে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় যথাযথ সংরক্ষণের জন্য এটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত শনিবার (৭ মার্চ) দুপুরে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের ‘মাঠের পুকুর’ নামে পরিচিত একটি পুকুর খননের সময় শ্রমিকরা মাটির নিচ থেকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করেন।
পরে বিষয়টি জানানো হলে মূর্তিটি উদ্ধার করে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় ৪ ফুট এবং ওজন আনুমানিক ৭০ থেকে ৮০ কেজি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূর্তিটি আংশিক ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়।
শহীদ








