ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

‘ঈদ বোনাস’ নিয়ে বড় সুখবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য

প্রকাশিত: ১৩:০৪, ১৩ মার্চ ২০২৬

‘ঈদ বোনাস’ নিয়ে বড় সুখবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য ঈদ উপলক্ষে সুখবর এসেছে। তাদের উৎসবভাতা বা ঈদ বোনাস দেওয়ার প্রস্তাবে ইতোমধ্যে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে আগামী রবিবার (১৫ মার্চ) থেকে শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে বোনাসের অর্থ জমা পড়তে শুরু করতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস প্রদানের প্রস্তাব অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর অর্থ ছাড়ের জন্য বিষয়টি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

বর্তমানে অর্থ ছাড়ের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের প্রক্রিয়াধীন রয়েছে। সেখান থেকে অর্থ ছাড় করা হলে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে সরাসরি ঈদ বোনাস বা উৎসবভাতার টাকা জমা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ও শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট তিন লাখ ৮৯ হাজার ৭৯৩ জন শিক্ষক-কর্মচারীর জন্য ঈদ বোনাস বাবদ ৪৫৩ কোটি ২২ লাখ ৭ হাজার ৪২৬ টাকা বরাদ্দ করা হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (অর্থ ও ক্রয়) মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে জানান, শিক্ষকদের ঈদ বোনাসের প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয় অনুমোদন করেছে এবং সেটি আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে পাঠানো হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড়ের অপেক্ষা রয়েছে। তিনি জানান, এই প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত এক কর্মদিবস সময় লাগতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার থেকেই শিক্ষক-কর্মচারীরা তাদের ঈদ বোনাস পেতে শুরু করবেন।

এ.এইচ

×