ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছিলেন, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইরানের উচিত আসন্ন বিশ্বকাপে অংশ না নেওয়া। তার এ বক্তব্যের জবাব দিয়েছে ইরানের দল। বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে ডেইলি মেইল।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইরানের জাতীয় দল জানায়, বিশ্বকাপ একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং এর আয়োজন ও সিদ্ধান্তের দায়িত্ব ফিফার। কোনো ব্যক্তি বা একক দেশের সিদ্ধান্তে কোনো দলের অংশগ্রহণ নির্ধারিত হয় না। তাদের বক্তব্য, এশিয়ান বাছাইপর্বে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ইরান বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এবং তাই তাদের অংশগ্রহণ বাতিল করার অধিকার কারও নেই।
বিবৃতিতে আরও বলা হয়, যে দেশ শুধু ‘আয়োজক’ পরিচয় বহন করে কিন্তু অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, সেই দেশেরই এ ধরনের বৈশ্বিক আসর আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা উচিত।
এদিকে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।
এই প্রেক্ষাপটে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছিলেন, ইরানের জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে চাইলে স্বাগত, তবে নিজেদের নিরাপত্তার কথা ভেবে তাদের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।
তবে এ বিষয়ে ইরানের অভ্যন্তরে ভিন্ন মতও দেখা গেছে। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামলি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, দেশের সর্বোচ্চ নেতাকে হত্যার পর এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার কোনো অর্থ হয় না। এর আগে ইরানি ফুটবল ফেডারেশনের সভাপতি Mehdi Taj-ও মন্তব্য করেছিলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়া কঠিন।
উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। গ্রুপ পর্বে লস অ্যাঞ্জেলসে ইরানের ম্যাচ রয়েছে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে, আর মিসরের বিপক্ষে সিয়াটলে খেলার কথা রয়েছে তাদের।
এশিয়ান বাছাইপর্বে গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থান অর্জন করে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরান। অন্যদিকে, ফিফা সভাপতি সম্প্রতি জানিয়েছেন যে তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন এবং সেখানে ট্রাম্প ইরানের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছিলেন। তবে পরে নিরাপত্তা ইস্যু সামনে এনে ভিন্ন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
এ.এইচ








