ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের আয় বাড়ে: ট্রাম্প

প্রকাশিত: ২৩:৩৩, ১২ মার্চ ২০২৬

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের আয় বাড়ে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের আয়ও বৃদ্ধি পায়। কারণ বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে ট্রাম্প লিখেছেন, তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উপার্জন করে।

একই সঙ্গে তিনি ইরান প্রসঙ্গও তুলে ধরেন। ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, এ ধরনের অস্ত্র শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই বড় হুমকি হতে পারে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায় বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার ঘটনাও ঘটে।

এই পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়তে থাকে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ব্যারেল তেলের দাম ইতোমধ্যে ১০০ ডলার ছাড়িয়েছে। বাজার সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, পরিস্থিতি অব্যাহত থাকলে দাম ২০০ ডলার পর্যন্তও পৌঁছাতে পারে।

সূত্র: আল জাজিরা

Mily

×