ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সংঘাতের তীব্র সমালোচনা করেছেন জনপ্রিয় মার্কিন পডকাস্ট সঞ্চালক জো রোগান। তার অভিযোগ, এই যুদ্ধের কারণে অনেক মার্কিন নাগরিক নিজেদের প্রতারিত মনে করছেন এবং তারা মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন।
মঙ্গলবার নিজের পডকাস্ট অনুষ্ঠানে রোগান বলেন, নির্বাচনের সময় ট্রাম্প যে নীতির কথা বলেছিলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত। তার মতে, যুক্তরাষ্ট্র এমন এক সংঘাতে জড়িয়ে পড়েছে, যার পেছনে স্পষ্ট কোনো কারণ সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়।
রোগান বলেন, নির্বাচনের আগে ট্রাম্প বারবার অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন যুক্তরাষ্ট্র এমন একটি যুদ্ধে জড়িয়ে পড়েছে, যা তার কাছে ‘উন্মাদনা’ বলেই মনে হচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্রায় ১২ দিন ধরে চলা এই সংঘাত চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকানদের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, অধিকাংশ মার্কিন নাগরিক এই যুদ্ধের পক্ষে নন।
এদিকে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন–এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের ব্যবধানে পেট্রোলের গড় দাম প্রতি গ্যালনে প্রায় ৩৮ সেন্ট বেড়ে ৩ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্বব্যাপী তেল সরবরাহ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো রোগান প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন এবং তার দীর্ঘ একটি সাক্ষাৎকারও নিয়েছিলেন। তবে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর বিভিন্ন ইস্যুতে মাঝেমধ্যে তাকে সমালোচনা করতে দেখা যাচ্ছে।
সাম্প্রতিক মন্তব্যে রোগান যুক্তরাষ্ট্রের আরেক সামরিক অভিযানের প্রসঙ্গও তোলেন, যেখানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ঘটনা ঘটে। তার মতে, সেই অভিযানের অন্তত একটি স্পষ্ট উদ্দেশ্য ছিল, কিন্তু ইরানকে ঘিরে বর্তমান যুদ্ধের যৌক্তিকতা পরিষ্কার নয়।
তবে হোয়াইট হাউস এই সমালোচনা প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে প্রশাসনের মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শাসকগোষ্ঠীর সম্ভাব্য হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য দৃঢ় অবস্থান নিয়েছেন এবং এটিই ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ।
বর্তমানে স্পটিফাইতে প্রচারিত ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ বিশ্বের অন্যতম জনপ্রিয় পডকাস্ট হিসেবে পরিচিত। রাজনীতি ছাড়াও এই অনুষ্ঠানে বিজ্ঞান, সংস্কৃতি, কৌতুকসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সূত্র: নিউইয়র্ক টাইমস
Mily








