ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

জমি নিয়েসংঘর্ষে মজনু হত্যা মামলার নারীসহ ৪ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,নীলফামারী

প্রকাশিত: ০২:৩৩, ১৩ মার্চ ২০২৬

জমি নিয়েসংঘর্ষে মজনু হত্যা মামলার নারীসহ ৪ আসামি গ্রেপ্তার

ছবি: জনকণ্ঠ

নীলফামারীর ডোমারে মজনু মিয়া(৫০) হত্যা মামলায় নারীসহ ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ডোমার পৌর এলাকার ছোট রাউতা ময়দানপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মতিউর রহমান (২২), মৃত হাচানুর রহমানের ছেলে শাহিন ইসলাম (২০), শাহিন ইসলামের মা সাবিনা আক্তার মমিনা (৪৫) এবং বেলাল হোসেনের স্ত্রী মেরিনা বেগম (৪২)। বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ হাবিব। 

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ডোমার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়া গ্রামের মৃত তফির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান নুরুল হকের পরিবারের সঙ্গে সাবেক কাউন্সিলর বেলাল হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার (১১ মার্চ) সকালে আব্দুল মান্নান ও তার দুই ভাই মজনু মিয়া ও বাবুল হোসেন বিরোধপূর্ণ জমিতে একটি শুকনো গাছ কাটতে গেলে প্রতিপক্ষরা বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে তিন সহোদর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনু মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।

এ ঘটনায় ওই রাতেই নিহত মজনু মিয়ার স্ত্রী লিপি বেগম বাদী হয়ে সাবেক কাউন্সিলর বেলাল হোসেনকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে ডোমার থানায় একটি হত্যা মামলা (নং-১১) দায়ের করেন।

ডোমার থানার ওসি হাবিবুল্লাহ হাবিব জানান, বুধবার রাতেই মামলার এজাহারের ভিত্তিতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শহীদ

×