গাজীপুরের ঐতিহাসিক স্থাপনা ভাওয়াল রাজবাড়ী একসময় ভাওয়াল পরগনার রাজকীয় শাসন, সংস্কৃতি ও ঐতিহ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। উনবিংশ শতকের শেষ দিকে ভাওয়াল জমিদার পরিবারের উদ্যোগে নির্মিত এই রাজপ্রাসাদ দীর্ঘদিন ভাওয়াল জমিদারির প্রশাসনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে।
বিস্তীর্ণ জমির ওপর গড়ে ওঠা রাজবাড়ীটি ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হলেও স্বাধীনতার ৫৪ বছর পরও জেলা প্রশাসন ও সরকারি দপ্তরের অফিস হিসেবে ব্যবহৃত হওয়ায় এর ঐতিহাসিক বৈশিষ্ট্য ও রাজকীয় পরিবেশ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
ঐতিহাসিক সূত্র ও স্থানীয় গবেষকদের তথ্য অনুযায়ী, ভাওয়াল রাজবাড়ী কমপ্লেক্সে প্রায় ৩৬৫টি কক্ষ ছিল। এর মধ্যে রাজ দরবার হল, দেওয়ানখানা, সভাকক্ষ, অন্দরমহল, অতিথিশালা এবং জমিদারি প্রশাসনের বিভিন্ন দপ্তরের কক্ষ অন্তর্ভুক্ত ছিল। রাজ দরবার হল ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, যেখানে রাজসভা বসত, প্রজাদের সঙ্গে সাক্ষাৎ করা হতো এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতো। দেওয়ানখানায় খাজনা আদায়, বিচারকার্য ও জমিদারি প্রশাসন পরিচালনা করা হতো। অন্দরমহলে রাজপরিবারের সদস্যরা বাস করতেন এবং অতিথিশালায় অবস্থান করতেন বিভিন্ন জমিদার, অতিথি ও ব্রিটিশ প্রশাসনিক কর্মকর্তারা।
কিন্তু বর্তমানে এসব কক্ষের অনেকগুলোই জেলা প্রশাসনের অফিস, সরকারি দপ্তর ও আদালতের কাজে ব্যবহৃত হচ্ছে। নিয়মিত প্রশাসনিক কার্যক্রম, সংস্কার ও নির্মাণের কারণে রাজবাড়ীর পুরোনো স্থাপত্য, দেয়াল, দরজা-জানালা ও ঐতিহাসিক নিদর্শনের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এইভাবে দীর্ঘদিন প্রশাসনিক ব্যবহার চলতে থাকলে ভবিষ্যতে রাজবাড়ী তার আসল রূপ ও ঐতিহ্য পুরোপুরি হারাতে পারে।
একসময় রাজবাড়ীর চারপাশ ছিল সবুজ ছায়াঘেরা পরিবেশে ভরপুর। রাজবাড়ী রোডের দুই পাশে সারিবদ্ধ দেবদারু গাছ, বিস্তীর্ণ মাঠ এবং পাশেই শানবাঁধানো রাজদীঘি পুরো এলাকাকে দৃষ্টিনন্দন ও মনোরম করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে রাজবাড়ীর প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়েছে।
গাজীপুরের সচেতন নাগরিকরা দাবি করেছেন, দ্রুত একটি আধুনিক জেলা প্রশাসক কমপ্লেক্স নির্মাণ করে জেলা প্রশাসন ও আদালতের সব দপ্তর সেখানে স্থানান্তর করা হোক। একই সঙ্গে ভাওয়াল রাজবাড়ীকে তার নিজস্ব ঐতিহাসিক মর্যাদায় ফিরিয়ে দিয়ে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক।
সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এবং গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মন্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন বলেন, ইতিহাসের সাক্ষী ভাওয়াল রাজবাড়ী সংরক্ষণ চাই। শিল্প অধ্যুষিত গাজীপুরবাসীর জন্য রাজবাড়ীকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে মানুষ খোলামেলা শ্বাসপ্রশ্বাস নিতে পারবে।
অন্যদিকে গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম বলেন, গাজীপুরের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মাল্টি কমপ্লেক্স ভবন নির্মাণ করলে সব কার্যালয় একটি কমপ্লেক্সে থাকলে মনিটরিং কাজের গতি বাড়বে এবং নাগরিকরা আরও সেবা সুবিধা পাবে। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করলে গাজীপুরের পরিবেশ, ঐতিহ্য ও বৈচিত্র্য সংরক্ষণ করে শহরকে আরও সমৃদ্ধ করা সম্ভব।
বিশেষজ্ঞরা মনে করেন, যথাযথ সংরক্ষণ ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ভাওয়াল রাজবাড়ীকে একটি ঐতিহ্যভিত্তিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করা গেলে দেশ-বিদেশের পর্যটক আকৃষ্ট হবে এবং গাজীপুরের সাংস্কৃতিক ঐতিহ্যও সংরক্ষিত থাকবে।
গাজীপুরবাসীর প্রত্যাশা, কালের সাক্ষী এই ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করা হবে এবং রাজবাড়ীর ঐতিহ্যবাহী সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার করা হবে।
রাজু








