ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

লামায় লাকড়িবোঝাই জিপ খাদে পড়ে নিহত ২, আহত ১

মেহেদী হাসান রানা, লামা, বান্দরবান

প্রকাশিত: ১৯:৪৩, ১৩ মার্চ ২০২৬

লামায় লাকড়িবোঝাই জিপ খাদে পড়ে নিহত ২, আহত ১

ছবি: দৈনিক জনকণ্ঠ।

বান্দরবানের লামা উপজেলায় লাকড়িবোঝাই একটি কাটা জীপ গভীর খাদে পড়ে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ফাঁসিখালী ইউনিয়নের ইয়াংছা আর্মি ক্যাম্পের পূর্ব পাশে ‘মৃত্যুপুরী বাঁক’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাশখাইল্যা ঝিরি এলাকার আলমগীর (চালক) এবং হাইক্কাঝিরি এলাকার আনোয়ার। আহত হয়েছেন ঠান্ডাঝিরি এলাকার পুতিয়া নামের এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াংছা বনপুর এলাকা থেকে ইয়াংছা বাজারের দিকে যাওয়ার সময় লাকড়ি বোঝাই জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আলমগীর ও আনোয়ার নিহত হন। গুরুতর আহত অবস্থায় পুতিয়াকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনায় পড়া জিপটি অকশন থেকে কেনা একটি সবুজ রঙের গাড়ি। এতে কোনো নাম্বার প্লেট, ফিটনেস সনদ কিংবা বৈধ কাগজপত্র ছিল না। পাহাড়ি সড়কে দীর্ঘদিন ধরে এ ধরনের ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি খুবই সীমিত বলে দাবি করেন এলাকাবাসী।

তাদের মতে, এ ধরনের অবৈধ যানবাহনের কারণে পাহাড়ি সড়কে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে।

এম.কে

×