চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তঘেঁষা চরবাগডাঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম চাকপাড়া। আধুনিক প্রযুক্তি, নিরবচ্ছিন্ন ইন্টারনেট কিংবা উন্নত অবকাঠামো যেখানে এখনো সহজলভ্য নয়, সেখান থেকেই বৈশ্বিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন মোদাসসেরুল হক জসিম। প্রান্তিক বাস্তবতার সীমাবদ্ধতাকে পেছনে ফেলে তিনি প্রমাণ করেছেন- সঠিক দক্ষতা, ধৈর্য ও আত্মবিশ্বাস থাকলে বিশ্ববাজারও জয় করা সম্ভব। ছাত্রাবস্থা থেকেই তিনি ছিলেন প্রযুক্তিপ্রেমী ও শেখার প্রতি আগ্রহী। এসএসসি ও এইচএসসিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই ইন্টারনেট, গুগল ও ইউটিউবের সহায়তায় নিজ উদ্যোগে ফ্রিল্যান্সিং শেখা শুরু করেন। দীর্ঘ অনুশীলন, ব্যর্থতা ও অপেক্ষার পর ২০১৬ সালে যুক্তরাজ্যের এক ক্লায়েন্টের কাছ থেকে পাওয়া ৫০ ডলারের একটি কাজই হয়ে ওঠে তার পেশাগত যাত্রার প্রথম সোপান।
বর্তমানে তিনি একজন পেশাদার ওয়েব ডেভেলপার। আপওয়ার্ক ও ফাইভারে তিন শতাধিক আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করে সহস্রাধিকের বেশি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছেন। অনলাইন কাজের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য অফলাইনেও প্রযুক্তিভিত্তিক সেবা দিয়ে যাচ্ছেন। ধারাবাহিক দক্ষতা উন্নয়ন ও ক্লায়েন্টের আস্থা অর্জনের মাধ্যমেই তিনি এই অবস্থানে পৌঁছেছেন। নিজের সাফল্যে থেমে না থেকে আশপাশের তরুণদের নিয়ে একটি ছোট টিম গড়ে তুলেছেন তিনি। অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, প্রশিক্ষণ দেওয়া এবং কাজের সুযোগ তৈরি করে দেওয়ার মাধ্যমে ইতোমধ্যে বেশ কয়েকজন তরুণকে স্বাবলম্বী হতে সহায়তা করেছেন। মানবিক দায়বদ্ধতার জায়গা থেকেও তিনি সক্রিয়—নিজের আয়ের একটি অংশ অসহায় মানুষের পাশে ব্যয় করার চেষ্টা করেন।
প্যানেল/মো.








