ছবি: সংগৃহীত।
ভিডিও কলে ভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগ আরও সহজ করতে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম Zoom। নতুন এই সুবিধার মাধ্যমে ভিডিও কল চলাকালে এক ভাষায় বলা কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ করে শোনানো যাবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিও কলের সময় স্বয়ংক্রিয়ভাবে এক ভাষার বক্তব্য অন্য ভাষায় অনুবাদ করে শোনার সুবিধা খুব শিগগিরই চালু করা হবে। এতে ইংরেজি, ফরাসি, চীনা, জার্মান ও স্প্যানিশসহ বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে সহজে কথোপকথন করা সম্ভব হবে।
নতুন এই লাইভ ভয়েস ট্রান্সলেশন সুবিধাটি শুরুতে পাঁচটি ভাষা সমর্থন করবে। ভবিষ্যতে আরও ভাষা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ব্যবহারকারী এই সুবিধা ব্যবহার করতে পারবেন।
এ ছাড়া অনলাইনে ভুয়া অডিও বা ভিডিও ছড়িয়ে প্রতারণা ঠেকাতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল চালুর ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। এই টুলের মাধ্যমে ডিপফেক বা কৃত্রিমভাবে তৈরি করা অডিও-ভিডিও সহজেই শনাক্ত করা যাবে বলে জানিয়েছে জুম।
এর আগে গত ডিসেম্বর মাসে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী Zoom AI Companion 3.0 ওয়েব সংস্করণের জন্য উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। এর ফলে কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারকারীরাও এআই সহকারীর মাধ্যমে জুমের বিভিন্ন সুবিধা সহজে ব্যবহার করতে পারছেন।
এম.কে








