ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

প্রকাশিত: ১৭:৪৬, ১৩ মার্চ ২০২৬

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস–এর মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ তার এই অস্ত্রোপচার করা হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হলে রিপোর্টে শারীরিক অবস্থার কিছু অবনতি ধরা পড়ে। এরপর দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বৈঠকে বসে। বোর্ডের পরামর্শ অনুযায়ী তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরিবারের সম্মতি সাপেক্ষে অপারেশন সম্পন্ন করা হয়।

মেডিকেল বোর্ডে দেশের কয়েকজন খ্যাতনামা নিউরো বিশেষজ্ঞ অংশ নেন। তাদের মধ্যে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরাও ছিলেন।

অস্ত্রোপচারের পর তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মির্জা আব্বাসের পরিবার।

এর আগে একই দিন জুমার নামাজের পর হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

Mily

×