সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ারকে ঘিরে ছড়িয়ে পড়া ‘আত্মহত্যার চেষ্টা’র খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তার স্ত্রী সাবা সানজিদা রহমান।
সম্প্রতি বিভিন্ন ফেসবুক পেজ ও পোস্টে দাবি করা হয়, ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন তানজীব সারোয়ার এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে এ ধরনের খবরকে গুজব আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান তার স্ত্রী।
ফেসবুকে দেওয়া এক পোস্টে সাবা সানজিদা রহমান বলেন, সবার দোয়া ও ভালোবাসায় তানজীব সারোয়ার এখন অনেকটাই সুস্থ আছেন। তিনি জানান, উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, শিল্পীকে ঘিরে যে আত্মহত্যার খবর ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। কোনো তথ্য জানতে হলে সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধও জানান তিনি। পাশাপাশি গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান।
সংগীতাঙ্গনে তানজীব সারোয়ার পরিচিত নাম। ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’সহ বেশ কিছু জনপ্রিয় গানের মাধ্যমে তিনি শ্রোতাদের কাছে পরিচিতি পান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সুড়ঙ্গ-এর ‘গা ছুঁয়ে বলো’ গানটির মাধ্যমে চলচ্চিত্রের গানে তার অভিষেক ঘটে।
২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে যাত্রা শুরু করেন তানজীব। একই বছর প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। এরপর ২০১৪ সালে ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে ‘হৃদমোহিনী’ শিরোনামে আরও দুটি অ্যালবাম প্রকাশিত হয়। ব্যক্তিগত জীবনে তিনি গত বছরের ১১ অক্টোবর সাবা সানজিদা রহমানকে বিয়ে করেন।
Mily








