ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

হানিয়া আমিরকে ঘিরে মন্তব্যে বিতর্ক, সমালোচনার মুখে আদনান ফয়সাল

প্রকাশিত: ১৭:৩৯, ১৩ মার্চ ২০২৬

হানিয়া আমিরকে ঘিরে মন্তব্যে বিতর্ক, সমালোচনার মুখে আদনান ফয়সাল

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির-কে নিয়ে করা মন্তব্যের জেরে নতুন বিতর্কে জড়িয়েছেন পডকাস্ট হোস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব আদনান ফয়সাল। এ ঘটনায় তাকে ‘ভণ্ডামির’ অভিযোগে সমালোচনা করেছেন পাকিস্তানি অভিনেতা ও ডিজিটাল কনটেন্ট নির্মাতা মেরাজ হক।

বিতর্কের সূত্রপাত হয় যখন আদনান ফয়সাল দাবি করেন, তার পডকাস্টে অংশ নিতে হানিয়া আমির প্রায় ২০ লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন। সম্প্রতি অভিনেতা ফয়সাল কোরাইশি সঞ্চালিত একটি অনুষ্ঠানে তিনি আবারও একই দাবি পুনরাবৃত্তি করেন। সেখানে আদনান বলেন, তিনি এ পর্যন্ত ৭০০টির বেশি সাক্ষাৎকার নিয়েছেন এবং কাউকেই কখনো পারিশ্রমিক দেননি। তার ভাষ্য, ফয়সাল কোরাইশির মতো বড় তারকাকে যখন টাকা দেওয়া হয়নি, তখন হানিয়া আমিরকে দেওয়ার প্রশ্নই ওঠে না।

তবে এই মন্তব্যের পরপরই সামাজিক মাধ্যমে সরব হন মেরাজ হক। তিনি দাবি করেন, আদনান ফয়সালের টিমই তাকে পডকাস্টে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছিল এবং এজন্য তাকে ২ লাখ ৮৫ হাজার রুপি দিতে বলা হয়েছিল। বিষয়টি ‘প্রমোশনাল এক্সপোজার’ বা প্রচারণার সুযোগ হিসেবে তুলে ধরা হয়েছিল বলে জানান তিনি।

মেরাজ হক বলেন, কোথাও সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি কখনো টাকা দেন না। তাই ওই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন।

এই অভিযোগ সামনে আসার পর আরও কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর একই ধরনের অভিজ্ঞতার কথা জানাতে শুরু করেন। ট্রাভেল ইনফ্লুয়েন্সার জেনিথ ইরফান জানান, তিনিও এ ধরনের একটি প্রস্তাব পেয়েছিলেন, যা তার কাছে সন্দেহজনক মনে হয়েছে। সামাজিক মাধ্যমে ‘তালহা ভাইবস’ নামের এক কনটেন্ট ক্রিয়েটরও অভিযোগ করেন, তাকে পডকাস্টে অংশ নেওয়ার জন্য প্রায় ৩ লাখ রুপি দিতে বলা হয়েছিল।

এদিকে পাকিস্তানি অভিনেত্রী আইমান খান এই বিতর্কিত প্রসঙ্গ নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্টে হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান, যা নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে।

পুরো ঘটনাটি পাকিস্তানের ডিজিটাল মিডিয়ায় সাক্ষাৎকার ও প্রচারণা ঘিরে পারিশ্রমিকের স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেক নেটিজেনের মতে, একদিকে বড় তারকাদের পারিশ্রমিক দাবি নিয়ে সমালোচনা করা এবং অন্যদিকে ছোট কনটেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে অর্থ চাওয়া—এ ধরনের আচরণ দ্বিমুখী মনোভাবেরই ইঙ্গিত দেয়।

Mily

×