ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

অভিমান ভুলে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরলেন আরিফিন

প্রকাশিত: ১৫:৫০, ১৩ মার্চ ২০২৬

অভিমান ভুলে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরলেন আরিফিন

ঈদকে সামনে রেখে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব নিয়ে আসছে নির্মাতা দল। সিরিজটির পঞ্চম সিজনের একেবারে নতুন আটটি পর্ব প্রকাশ পাবে ‘ঈদ স্পেশাল চ্যাপ্টার–১০’ হিসেবে। আগের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন কাহিনি। এতে থাকবে আগের মতোই হাস্যরস, বন্ধুত্বের নানা ঘটনা এবং কিছু অপ্রত্যাশিত মোড়।

এবারের বিশেষ পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ‘আরেফিন’ চরিত্রের প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর এই চরিত্রে আবার দেখা যাবে অভিনেতা শামীম হাসান সরকারকে। তার ফিরে আসায় ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন সমীকরণ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে কাবিলা ও পাশাদের সঙ্গে তার পুরোনো সম্পর্ক ও বন্ধুত্ব নতুন করে কীভাবে সামনে আসে, সেটি দেখার জন্য দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

নতুন পর্ব নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, আরেফিন চরিত্রটি ছাড়া ব্যাচেলর পয়েন্টের মূল বন্ধুত্বের দল যেন অসম্পূর্ণ। এটি সিরিজটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং দর্শকদের আবেগের সঙ্গেও জড়িয়ে আছে। তিনি জানান, নেহাল চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুবের উদ্যোগেই দীর্ঘদিনের অভিমান দূর করে আবার আরেফিন চরিত্রকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন—এই পাঁচ বন্ধুকে আবার একসঙ্গে শুটিং করতে দেখে তিনিও আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।

তিনি আরও বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বড় কাজ নিয়ে ব্যস্ত থাকায় এই ঈদে তার অন্য কোনো নাটক প্রকাশ পাচ্ছে না। তাই দর্শকদের জন্য বিশেষভাবে এই ঈদ স্পেশাল পর্বগুলো তৈরি করা হয়েছে। তার বিশ্বাস, পুরোনো বন্ধুদের এই আবেগঘন ফিরে আসা এবং নতুন গল্প ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।

এদিকে বঙ্গের চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান বলেন, দর্শকদের ভালোবাসা ও সমর্থনের কারণেই ‘ব্যাচেলর পয়েন্ট’ এত জনপ্রিয় একটি সিরিজে পরিণত হয়েছে। গত নয় মাসে সিরিজটির ৭২টি পর্ব প্রকাশের পর এবার ঈদ উপলক্ষে নতুন করে আটটি পর্ব প্রকাশ করা হচ্ছে। এগুলো বঙ্গ অ্যাপে এক্সক্লুসিভভাবে দেখানো হবে। তিনি বলেন, ঈদের ছুটিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে বসে উপভোগ করার মতো বিনোদন দিতে এটিকে দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে আনা হচ্ছে।

উল্লেখ্য, কাজল আরেফিন অমির পরিচালনায় এই সিজনে আগের মতোই প্রধান চরিত্রে থাকছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ ও চাষী আলম। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন তৌসিফ মাহবুব। এছাড়াও শিমুল শর্মা, লামিয়া লামসহ আগের পরিচিত অনেক মুখকেও দেখা যাবে নতুন পর্বগুলোতে।

এ.এইচ

×