মসজিদুল আকসা ও বায়তুল মুকাদ্দাস রক্ষার দাবি এবং ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানিয়েছেন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন। ‘কুদস দিবস’ উপলক্ষে শুক্রবার জুমার নামাজের পর রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইরানের ওপর ইহুদিবাদী আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন এবং বর্বরোচিত ন্যাক্কারজনক হামলা হচ্ছে। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই হামলায় বিশ্বের জঘন্য অপরাধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং জাতিসংঘ সনদের অবমাননা।
বক্তারা বলেন, প্রভাবশালী ধর্মীয় নেতা ইরানের আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসাইনী খামেনীকে হত্যার ঘটনা বাংলাদেশের মুসলিম তাওহিদী জনতাসহ কোটি মানুষের হৃদয়ে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানববন্ধন থেকে তারা কুদস দিবসে বিশ্বের সবমুসলিম রাষ্ট্রকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বক্তারা বলেন, বায়তুল মুকাদ্দাস বা আল-আকসা মসজিদ ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত, যা মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। বর্তমানে এটি ইসরায়েলের দখলে রয়েছে। মুসলিম জাতি হিসেবে এটি আমাদের জন্য লজ্জার। তাই বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন ও ইরানের পাশে দাঁড়াতে হবে এবং বায়তুল মুকাদ্দাস রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। তারা বিশ্ববাসী এবং বিশ্বের সব মুসলিম রাষ্ট্রকে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধন শেষে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মানববন্ধনে ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আলী আকবর, উপদেষ্টা মো. নাদিম রেজা, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, মোহাম্মদ আমিন মাদ্রাসার শিক্ষক মাজেদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাজু








