ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

কুয়াকাটায় রাতের আধারে কেটে ফেলা হলো এক বিনিয়োগকারীর দুই শতাধিক গাছ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:৪৯, ১৩ মার্চ ২০২৬

কুয়াকাটায় রাতের আধারে কেটে ফেলা হলো এক বিনিয়োগকারীর দুই শতাধিক গাছ

কুয়াকাটায় একটি বেসরকারি প্রতিষ্ঠান সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেডের মালিকানাধীন জমিতে লাগানো দুই শতাধিক চারা গাছ অজ্ঞাত দুষ্কৃতিকারীরা কেটে ফেলেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় মহিপুর থানায় একটি জিডি করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের আধারে গাছগুলো কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার জয়নুল আবেদীন জানান, বৃহস্পতিবার সকালে তারা দেখেন, কুয়াকাটা এলাকায় প্রতিষ্ঠানটির দাগ নং ১২৩২/১৬০৬ ও খতিয়ান নং ১৯৪৯ এর জমিতে লাগানো পাম, বাবলা ও বার্মিজ সুপারি গাছসহ প্রায় ২০০টি গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিষ্ঠানটি কুয়াকাটায় পর্যটন ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে বিনিয়োগের অংশ হিসেবে ওই জমিতে বাগান তৈরি করেছিলেন।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বুধবার (১১ মার্চ) গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাগানে ঢুকে গাছগুলো কেটে ফেলা হয়। ঘটনার পর মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ট্যুর অপারেটর এসোসিয়েশন কুয়াকাটা (টোয়াক) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম জানান, কুয়াকাটার মতো পর্যটন এলাকায় এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। বিনিয়োগকারীরা এখানে পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করছেন। তাদেরকে সহযোগিতা না করলে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন। তিনি এমন ঘটনার নিন্দা জানিয়েছেনে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত হোসেন জানান, সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

 

রাজু

×