ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান ভূপাতিত হয়েছে, যার ফলে চারজন নিহত হয়েছেন। বিমানটিতে মোট ছয়জন ছিলেন; তাদের মধ্যে বাকি দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিরক্ষা কমান্ড (সেন্টকোম) শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। তাদের দেওয়া বার্তায় বলা হয়, ‘ইরাকের আকাশসীমায় দুটি বিমান অবস্থান করছিল; তার মধ্যে একটি বিধ্বস্ত হয়েছে, আরেকটি নিরাপদে অবতরণ করেছে। ধ্বংস হওয়া বিমানটি কেসি-১৩৫ মডেলের রিফুয়েলিং বিমান।’
সেন্টকোম জানিয়েছে, কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো তা তদন্ত করা হচ্ছে। তবে এর পেছনে কোনো শত্রুর হামলার প্রমাণ পাওয়া যায়নি।
একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী ‘দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ ভূপাতিত হওয়ার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে। তবে ওয়াশিংটন এই দাবি প্রত্যাখ্যান করেছে।
রি-ফুয়েলিং বিমানগুলো আকাশে অন্যান্য যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত হয়। মার্কিন বিমান বাহিনী এই ধরনের বিমান ১৯৫০-এর দশক থেকে ব্যবহার করছে এবং কেসি-১৩৫ মডেলের বিমান তাদের প্রতিরক্ষা বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধ্বংস হওয়া বিমানটি মার্কিন প্রতিষ্ঠান বোয়িং নির্মিত, এবং এটি ১৯৫০ ও ১৯৬০-এর দশকের পুরনো মডেলের।
Mily








