ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ভারতীয় রুপির দাম

প্রকাশিত: ১৫:৫৯, ১৩ মার্চ ২০২৬

ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ভারতীয় রুপির দাম

ভারতীয় রুপির দর শুক্রবার আবারও নিম্নমুখী হয়েছে এবং ডলারের বিপরীতে এটি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে ফরওয়ার্ড প্রিমিয়ামও কমেছে। বাজারে ধারণা তৈরি হয়েছে যে বড় পরিসরে মুদ্রা বাজারে হস্তক্ষেপের পর ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) শিগগিরই বৈদেশিক মুদ্রা সুয়াপ কার্যক্রম শুরু করতে পারে। বিষয়টি জানিয়েছেন দেশটির সাতজন ব্যাংকার।

ব্যাংকারদের মতে, আরবিআই তিন বছরের মেয়াদে প্রায় ১০ বিলিয়ন ডলারের একটি ডলার-রুপি বাই-সেল সুয়াপ চালু করতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী, এই আকার ও মেয়াদ কেন্দ্রীয় ব্যাংকের পূর্বের পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কারণ অতীতেও প্রায় একই পরিমাণ ও মেয়াদের সুয়াপ পরিচালনা করেছে আরবিআই।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রুপির ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। ফলে মুদ্রাকে স্থিতিশীল রাখতে আরবিআই বৈদেশিক মুদ্রা বাজারে হস্তক্ষেপ করছে। ব্যাংকারদের তথ্য অনুযায়ী, এই হস্তক্ষেপ স্পট মার্কেটের পাশাপাশি নন-ডেলিভারেবল ফরওয়ার্ড এবং ফিউচার মার্কেটেও হয়েছে।

শুক্রবার ডলারের বিপরীতে রুপির দর ৯২ দশমিক ৪২৫০-এ নেমে গিয়ে নতুন রেকর্ড নিম্নস্তর স্পর্শ করে। ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে রুপি প্রায় ১ দশমিক ৫ শতাংশ মূল্য হারিয়েছে।

স্পট মার্কেটে ডলার বিক্রি করলে ব্যাংকিং ব্যবস্থায় রুপির তারল্য কমে যায়। আরবিআইয়ের বড় আকারের হস্তক্ষেপের পর এখন বাজারে সম্ভাব্য সুয়াপ কার্যক্রম নিয়ে আলোচনা চলছে। এক ব্যাংকার বলেন, স্পট মার্কেটে হস্তক্ষেপের ফলে যে তারল্য সংকট তৈরি হয়েছে, তা আংশিকভাবে এক বছরের মেয়াদের সুয়াপের মাধ্যমে কমানোর চেষ্টা করা হয়েছে।

তবে তার মতে, ওই সুয়াপগুলোর পরিমাণ আগের হস্তক্ষেপের তুলনায় তুলনামূলকভাবে কম ছিল। তাই এখন বড় এবং দীর্ঘমেয়াদি সুয়াপ চালুর সম্ভাবনা নিয়ে বাজারে জল্পনা বাড়ছে।

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আরবিআই ইতোমধ্যে তিন বছরের মেয়াদে ১০ বিলিয়ন ডলারের দুটি ডলার-রুপি সুয়াপ সম্পন্ন করেছে। বিষয়টি জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে।

এ.এইচ

×